দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার। বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এরপর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল পাওয়া যাবে।
পূর্বঘোষণা অনুযায়ী, ২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কথা ছিল। পরে তারিখ পরিবর্তন করে শনিবার নির্ধারণ করা হয়।
আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বোর্ডের প্রকাশিত ফলাফল eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানগুলো ওয়েবসাইটের ফলাফল অংশে গিয়ে নিজ নিজ শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের পরিচিতি নম্বরের (ইআইআইএন) মাধ্যমে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে।
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করা যাবে।
মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফলাফল জানা যাবে। এ জন্য যেকোনো মুঠোফোন থেকে ১৬১৪০ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। বার্তার ধরন হবে: HSC Dha 123456 2026। এখানে ‘Dha’-এর জায়গায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের সংক্ষিপ্ত রূপ এবং ‘123456’-এর জায়গায় পরীক্ষার্থীর রোল নম্বর লিখতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড বা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল সংগ্রহ করা যাবে না।
উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এ-সংক্রান্ত প্রক্রিয়া ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এবার মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষায় বেশ কয়েকজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এমএম/