দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পুনঃপরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পরিবর্তে কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে ৪৯তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, এসএসসিতে সর্বোচ্চ দুটি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষার ফলের ভিত্তিতে তাঁরা সাধারণ শিক্ষা ব্যবস্থায় থাকবেন, নাকি কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় যাবেন, তা নির্ধারণ করা হবে।
তিনি বলেন, ‘ফেইলের এ লিগ্যাসি আমরা বছরের পর বছর টেনে নিয়ে যাব না। ১৫ দিনের মধ্যে নেওয়া পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করবে তারা সাধারণ শিক্ষা ব্যবস্থায় থাকবে নাকি থাকবে না। সেখানে না পারলে তাদেরকে আমরা কারিগরি বা ভোকেশনাল শিক্ষায় নিয়ে যাব।’
ঝরে পড়া ও অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা পাস করেছে, তারা তো করেছেই। কিন্তু যারা ঝরে পড়েছে বা ফেল করেছে, তাদের আগে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। কীভাবে তাদের পুনরুজ্জীবিত করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা চলছে।
দেশে নৈতিকতার অবক্ষয় ঘটেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ অবস্থা থেকে উত্তরণে একটি প্রজন্ম থেকেই উদ্যোগ নিতে হবে, যাতে পরবর্তী সময়ে অবক্ষয় রোধ করা যায়। এ জন্য প্রধানমন্ত্রী এবার চতুর্থ শ্রেণি থেকে সংস্কৃতি, খেলাধুলা, নৈতিকতা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছেন।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের রুটিন দায়িত্বে থাকা ড. সরদার কেরামত আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনউদ্দিন আল মাহমুদ সোহেল, নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক এবং বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক।
এমএম/