দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তৃণমূল পর্যায়ে তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নতুন অর্থায়ন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় নির্বাচিত তরুণরা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর অর্ধেক থাকবে ব্যাংকঋণ এবং বাকি অর্ধেক অনুদান। সবচেয়ে বড় সুবিধা হলো—ঋণের বিপরীতে কোনো সহায়ক জামানত দিতে হবে না।
গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এ সময় সহকারী মুখপাত্র মো. শাহরিয়ার সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কত টাকা পাওয়া যাবে কর্মসূচির আওতায় নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা তার প্রকৃত চাহিদা ও উদ্যোগের প্রয়োজন অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পেতে পারেন। এই অর্থায়নের ৫০ শতাংশ দেওয়া হবে ব্যাংকঋণ হিসেবে এবং বাকি ৫০ শতাংশ অনুদান হিসেবে।
ঋণের গ্রাহক পর্যায়ের সুদ বা মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ৪ থেকে ৭ শতাংশের মধ্যে। এ অর্থায়নের জন্য উদ্যোক্তাকে কোনো সহায়ক জামানত দিতে হবে না।
তবে নির্ধারিত সময়ে ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে অনুদানের অংশটি সুদমুক্ত ঋণে পরিণত হবে। এরপর প্রচলিত নিয়ম অনুযায়ী ঋণটি শ্রেণিকরণ করা হবে। এতে সংশ্লিষ্ট উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হতে পারেন এবং ভবিষ্যতে ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন।
কারা আবেদন করতে পারবেন বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিকরা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে এবং আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।
এ কর্মসূচিতে আবেদন করার জন্য আগে থেকে ব্যবসা থাকা বা ব্যবসায়িক অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। সম্ভাবনাময় ও বাস্তবসম্মত একটি ব্যবসায়িক ধারণা এবং পরিকল্পনা থাকলেও আবেদন করা যাবে।
যেসব খাতে আবেদন করা যাবে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবাখাত ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ বিভিন্ন বৈধ ব্যবসায়িক প্রস্তাব এ কর্মসূচির আওতায় বিবেচনা করা হবে।
কীভাবে আবেদন করবেন বাংলাদেশ ব্যাংক আগামী ১৬ সেপ্টেম্বর এ কর্মসূচির বিস্তারিত নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করবে। এরপর ১৭ সেপ্টেম্বর থেকে নির্ধারিত ফরমে আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদন করতে কোনো ফি দিতে হবে না। আবেদনকারীদের জন্য এক মাস সময় রাখা হবে।
প্রথম ধাপে ৮ জেলা প্রাথমিকভাবে দেশের ৮ জেলার ৬৪ উপজেলায় এ কর্মসূচি চালু করা হবে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা।
প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে নির্বাচন করা হবে। পর্যায়ক্রমে কর্মসূচিটি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য, ভবিষ্যতে প্রতি বছর প্রায় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে এ কর্মসূচির আওতায় অর্থায়ন ও অন্যান্য সহায়তা দেওয়া।
শুধু অর্থায়ন নয়, মিলবে আরও সুবিধা নির্বাচিত উদ্যোক্তারা শুধু অর্থায়নই পাবেন না। তাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, অভিজ্ঞ মেন্টরের পরামর্শ, ব্যবসা নিবন্ধনে সহায়তা, ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহযোগিতা এবং বাজার সংযোগের সুযোগও রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, নতুন উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তার মাধ্যমে গড়ে ৩ থেকে ৫ জনের কর্মসংস্থান হতে পারে—এমন লক্ষ্য সামনে রেখে কর্মসূচিটি পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণ করা হবে।
কেএম