দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদেশ ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা বা ডলার খরচের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন। এত দিন এই সীমা ছিল ১২ হাজার ডলার।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে সব অনুমোদিত ডিলারকে বিষয়টি জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা মেটাতে এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বার্ষিক এনডোর্সমেন্ট সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে অপ্রাপ্তবয়স্ক বা ১২ বছরের কম বয়সীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ তারা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন।
নতুন নিয়মে নগদ ডলার বহনের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত সর্বোচ্চ সীমার মধ্যে একজন যাত্রী নগদ মার্কিন ডলারের নোট হিসেবে সর্বোচ্চ ৫ হাজার ডলার সঙ্গে রাখতে পারবেন। বাকি অর্থ কার্ড বা অন্য কোনো বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যবহার করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রা অবমুক্তকরণের অন্যান্য নিয়ম ও নির্দেশনা আগের মতোই বহাল থাকবে। নির্দেশনাটি অবিলম্বে সব অনুমোদিত ডিলার ও সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করার জন্য বলা হয়েছে।
এমএম/