দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারা দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) অব্যবহৃত প্লট দ্রুত প্রকৃত উদ্যোক্তাদের মধ্যে বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষা মেলা-২০২৬’-এর উদ্বোধন শেষে তিনি বলেন, বরাদ্দ পাওয়ার পরও বছরের পর বছর যেসব প্লট অব্যবহৃত বা পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলোর বরাদ্দও বাতিল করা হবে।
মন্ত্রী বলেন, দেশের শিল্পায়ন ত্বরান্বিত করতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) আরও শক্তিশালী করতে হবে। এ খাতের অবদান জাতীয় অর্থনীতিতে অন্তত ৬০ শতাংশে উন্নীত করাই সরকারের লক্ষ্য।
বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যকে এক ছাদের নিচে তুলে ধরতে আয়োজিত এ বর্ষা মেলা আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
মেলায় জামদানি, মণিপুরি শাড়ি, নকশিকাঁথা, শীতলপাটি, পাটজাত পণ্য, বাঁশ-বেতের হস্তশিল্প, মধুসহ দেশীয় বিভিন্ন পণ্যের ৫৬টি স্টল অংশ নিয়েছে। আয়োজকদের মতে, দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো, ক্ষুদ্র উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতার সঙ্গে সংযোগ তৈরি করাই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।
মেলায় অংশ নেওয়া দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের কাছে নিজেদের পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন। তাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তাৎক্ষণিক বিক্রির পাশাপাশি নতুন অর্ডার, দীর্ঘমেয়াদি ক্রেতা এবং দেশীয় পণ্যের টেকসই বাজার গড়ে তুলতেও সহায়ক হবে।
একই দিনে বিসিক শিল্পনগরীগুলোর অবদান, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী বলেন, যেসব বিসিক শিল্পপার্কের সক্ষমতা প্রায় পূর্ণ হয়ে গেছে, সেসব এলাকায় নতুন শিল্পপার্ক স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে দ্রুত সমীক্ষা পরিচালনা করতে হবে।
চলমান ও নতুন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করে শিল্পায়নের গতি বাড়ানোর নির্দেশও দেন তিনি। এ বিষয়ে আগামী সাত দিনের মধ্যে বিসিক কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশনা দেন মন্ত্রী।
জে আই