দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে লাইসেন্সিং ও অনুমোদন প্রক্রিয়া সহজ, দ্রুত ও সমন্বিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। বিনিয়োগকারীদের এক দপ্তর থেকে আরেক দপ্তরে না ঘুরতে হয় সেজন্য অনলাইনভিত্তিক কেন্দ্রীয় ‘ওয়ান-স্টপ উইন্ডো’ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
রোববার (২১ জুন) সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জেবিসিসিআই সভাপতি তারেক রাফি ভূঁইয়া।
মন্ত্রী বলেন, কোনো শিল্পকারখানা স্থাপনের অনুমোদন প্রক্রিয়ায় নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা ও পরিবেশগত বিষয় খতিয়ে দেখতে হয় বলে ১৫ দিনের মধ্যে সব ক্ষেত্রে সম্পূর্ণ অনুমোদন সম্ভব নয়। তবে বিনিয়োগ যাতে বিলম্বিত না হয় সেজন্য অস্থায়ী বা প্রভিশনাল লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, অনুমোদন প্রক্রিয়ার সময় কমিয়ে আনার রূপরেখা নির্ধারণ করা হয়েছে এবং খাতভিত্তিক লাইসেন্সিং প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। কারখানা পরিদর্শন সমন্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) মাধ্যমে সংশ্লিষ্ট সব সংস্থাকে একসঙ্গে পরিদর্শনের ব্যবস্থা করা হবে।
বৈদ্যুতিক যানবাহন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কথা বিবেচনায় সরকার ধীরে ধীরে বৈদ্যুতিক ও হাইব্রিড প্রযুক্তির দিকে যেতে চায়। আপাতত প্লাগ-ইন হাইব্রিড গাড়ির আমদানি ও ব্যবহারে বেশি গুরুত্ব দেওয়া হবে।
জেবিসিসিআই প্রতিনিধিরা বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ, লাইসেন্সিং সহজীকরণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির প্রশংসা করেন। বাণিজ্যমন্ত্রী জাপানকে গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, জাপানি বিনিয়োগকারীদের জন্য সহজ ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
এমএম/