দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ তার সম্ভাবনাকে কাজে লাগিয়ে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশি-বিদেশি বিনিয়োগের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৪ জুলাই) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করে সম্ভাবনার নতুন পথে এগিয়ে নেবে। দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে এবং এর বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতি ঘুরে দাঁড়াবে।
তিনি বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই), পুঁজিবাজারে বিনিয়োগ এবং বিভিন্ন ফান্ড ম্যানেজারের বিনিয়োগ বাংলাদেশে আসছে। বন্দর ও ভৌগোলিক অবস্থানের কারণে চট্টগ্রামকে কেন্দ্র করে লজিস্টিক হাব গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে একাধিক বন্দর নির্মাণ, চট্টগ্রাম বিমানবন্দরকে কার্গো ও যাত্রী পরিবহনের হাবে উন্নীত করা এবং একটি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশের উন্নয়নের মাধ্যমে ট্রেনে যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া মাতারবাড়িকেও ঘিরে বড় ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজেট বাস্তবায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবের কারণে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। তবে সরকার ধাপে ধাপে অর্থনীতি স্থিতিশীল করে আগামী কয়েক বছরের মধ্যে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের আশা করছে।
তিনি বলেন, ‘সরকার এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য নির্ধারণ করেছে। বাংলাদেশ ধীরে ধীরে সেই লক্ষ্যেই এগিয়ে যাবে। দেশ এখন দেশি-বিদেশি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে।’
এমএম/