দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, দেশের ব্যাংক খাতের একটি বড় অংশ সংকটে রয়েছে এবং কিছু ব্যাংক থেকে এক-তৃতীয়াংশ ডিপোজিট চুরি হয়েছে। তিনি বলেন, ব্যাংকিং সিস্টেমকে স্থিতিশীল করতে সকলকে ধৈর্য ধরতে হবে।
শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয়ের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ইসলামী ব্যাংকসহ কয়েকটি দুর্বল ব্যাংককে স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে, এবং দীর্ঘদিন যেসব আমানতকারী টাকা ফেরত পাচ্ছিলেন, তারা ধীরে ধীরে টাকা পেতে শুরু করেছেন।
তিনি ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানান, গত ২৫ মার্চ আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল এবং মে মাসে নতুন এমডি নির্বাচন করা হয়। এরপর অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটি এবং প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।
গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের বোর্ড গঠনেও কিছুটা সময় লেগেছে এবং নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, পাঁচটি ইসলামী ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার সমন্বয়ের কাজ বর্তমানে বড় চ্যালেঞ্জ।
তিনি ইসলামী ব্যাংকে সরকারের অবৈধ হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে বলেন, বাংলাদেশ ব্যাংক কাউকে ঋণ দেওয়ার নির্দেশ দেয় না এবং এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি জানান, গত ১৬ মার্চ অন্তর্বর্তী সরকারের গঠিত একটি বোর্ডের সদস্যকে অনিয়মের অভিযোগে পরিবর্তন করা হয়েছে এবং এর বাইরে বাংলাদেশ ব্যাংকের আর কোনো হস্তক্ষেপ ছিল না।
গভর্নর বলেন, ঈদের আগে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টা হয়েছে এবং ব্যাংকটির পরিচালনা বিষয়ে সজাগ থাকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের হাতে কিছু টুলস রয়েছে, যা প্রয়োজনে প্রয়োগ করা হবে।
তিনি জানান, ইসলামী ব্যাংকের এডি রেশিও জুলাই ২০২৪-এ ৯৩ শতাংশ থেকে বেড়ে ৯৭-৯৮ শতাংশে পৌঁছেছে, যা অস্বাভাবিক। বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে এ হার কমাতে নির্দেশ দিয়েছে।
গভর্নর বলেন, ইসলামী ব্যাংক নিয়ে বড় কোনো সমস্যা হবে বলে মনে করছেন না এবং প্রয়োজনীয় ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্টও বাংলাদেশ ব্যাংক দেবে।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মৎস্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, অর্থ সচিব, মন্ত্রিপরিষদ সচিব, এনবিআর চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে গত বৃহ্স্পতিবার অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন, যার আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট।
কেএম