দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা দরপতন চলছে। গত নয় মাসে মূল্যবান এই ধাতুর প্রতি আউন্সের দাম কমেছে ১ হাজার ৩০০ ডলারের বেশি। রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৩ হাজার ৯৯০ ডলারে। অথচ গত ২৯ জানুয়ারি প্রতি আউন্স সোনা লেনদেন হয়েছিল ৫ হাজার ৩১৮ ডলারে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয় আউন্স হিসাবে। এক আউন্সে প্রায় ২৮ দশমিক ৩৫ গ্রাম এবং এক ভরিতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনা থাকে। সেই হিসাবে এক আউন্স স্বর্ণের পরিমাণ প্রায় ২ দশমিক ৪৩ ভরি।
এদিকে, রোববার বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা সোনার বাজারে চাপ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে—এমন প্রত্যাশাও জোরালো হয়েছে। সাধারণত সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
সৌদি আরবে হুথিদের হামলার পর মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় তেলের দাম বেড়েছে। জ্বালানির উচ্চমূল্য মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। এতে ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর সিদ্ধান্ত পিছিয়ে দিতে পারে বলে ধারণা করছেন বিনিয়োগকারীরা। ভূরাজনৈতিক উত্তেজনা বাড়লে তেলের দাম আরও বাড়ার পাশাপাশি বন্ডের মুনাফা বৃদ্ধির ঝুঁকিও রয়েছে, যা স্বর্ণের দামের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এখন বিনিয়োগকারীদের নজর আগামী ২৭ ও ২৮ অক্টোবর ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় (পিসিই) মূল্যসূচকের তথ্যের অপেক্ষায় রয়েছেন তাঁরা। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে এই সূচককে বিশেষ গুরুত্ব দেয় ফেড। কেন্দ্রীয় ব্যাংকটির মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ২ শতাংশ।
এমএম/