দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টেকসই জ্বালানি উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো), আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর এবং ফাইবার অ্যাট হোম। জাতীয় গ্রন্থাগার ভবনের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীতে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সম্মেলনকক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম।
অনুষ্ঠানে ইয়াসমিন বেগম বলেন, আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের মাধ্যমে ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় গ্রিডে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যে সরকার বিশেষ কর্মসূচি নিয়েছে। এ উদ্দেশ্যে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব সরকারি দপ্তরে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্থাপিত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে তা কিনবে সরকার। এ উদ্যোগে বিনিয়োগ উৎসাহিত করতে বিশেষ প্রণোদনাও ঘোষণা করা হয়েছে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থাপন ব্যয় কমাতে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৮০ দিনের জন্য এ-সংক্রান্ত যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে বলেও জানান সচিব। জাতীয় গ্রন্থাগার ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগকে সরকারের কর্মসূচিতে অংশগ্রহণের অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।
ইয়াসমিন বেগম আরও বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যেসব স্থাপনায় সৌর প্যানেল বসানো সম্ভব, সেগুলোতে এ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বিনিয়োগকারীরা যেন কোনোভাবে নিরুৎসাহিত না হন, সে বিষয়ে বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট স্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ডেসকোর ১২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের অংশ হিসেবে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ছাদে ৩০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
চুক্তিতে ডেসকোর পক্ষে স্বাক্ষর করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী শাহরিয়ার পারভেজ। আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (যুগ্মসচিব) ফারজানা সুলতানা এবং ফাইবার অ্যাট হোমের পক্ষে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক শাহজামান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন এবং ফাইবার অ্যাট হোম লিমিটেডের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী। স্বাগত বক্তব্য দেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম আহমেদ এনডিসি, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খন্দকার জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্ণতা রায়। এ সময় তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএস/