দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আটক ব্যক্তির নাম মো. নবী হোসেন (৪৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা।
রোববার দুপুরে নভোএয়ারের অভ্যন্তরীণ ফ্লাইট ভিকিউ ৯২২-এ কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিংয়ের সামনে তাকে আটক করা হয়। পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে নেওয়া হলে তিনি পায়ুপথে ইয়াবা বহন করছেন বলে নিশ্চিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে এক্স-রে পরীক্ষা করানো হলে তার পায়ুপথে তিনটি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাকৃতিক প্রক্রিয়ায় কসটেপ মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে মোট ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, মো. নবী হোসেন দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দরকে কেন্দ্র করে মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধ দমনে তারা সতর্ক রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এমএস/