দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর টঙ্গীতে এক আওয়ামী লীগ নেতার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে পূর্ব থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আকাশ খানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে টঙ্গীর মধ্য আরিচপুর শেরেবাংলা রোডে গাসিক ৫৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আবুল হোসেনের বাসায় ।এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে তাঁর স্ত্রী শিরিন আক্তার টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানা কমিটির পাঁচ নেতা– কমিটির সদস্য সচিব আকাশ খান (২২), সদস্য ইমতিয়াজ শুভ (২২), মোক্তার (২০), ইফতেখার (২১), আফি (২০) ও পিয়াস ঘোষ প্রিন্সকে (২২)।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টঙ্গী পূর্ব থানা চত্বরে কয়েকজন ব্যক্তি মিলে আকাশ খানকে জিজ্ঞাসাবাদ করছেন। একাধিকবার তাকে প্রশ্ন করা হয়, তোমরা আমাদের কাছে চারটা মামলার জন্য পাঁচ লাখ করে মোট ২০ লাখ টাকা চাঁদা চাওনি? আকাশ খান এ সময় ক্যামেরার সামনে নিরুত্তর ছিলেন।
ভিডিওতে সাক্ষাৎকার দিতে দেখা যায় এক যুবককে, যিনি দাবি করেন, রাত ১২টার দিকে আকাশ খান তার বাড়িতে যান বাড়ি ভাড়া নেওয়ার অজুহাতে। তার সঙ্গে আরও কয়েকজন ছিল। ওই যুবক বলেন, আকাশরা বাড়িতে ঢুকেই আমাদের জানায়- আমার বাবা আওয়ামী লীগের রাজনীতি করেন এবং তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। এরপর তারা থানা-পুলিশের ভয় দেখাতে থাকে।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, আমরা সমাধানের পথ খুঁজতে চাইলে তারা ২০ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে হাতে থাকা ২০ হাজার টাকা এবং বাড়িতে থাকা ভাড়াটিয়াদের কাছ থেকে আরও ৬ হাজার টাকা তুলে দিলে তারা সেখান থেকে চলে যায়। তবে পরদিন বেলা ১১টার মধ্যে পাঁচ লাখ টাকা প্রস্তুত রাখতে বলে যায়।
জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানার সদস্য সচিব আকাশ খান, ইমতিয়াজ শুভ, মোক্তার, ইফতেখার শুভ, আসিফ, পিয়াস ঘোষ প্রিন্সসহ আরও ১০/১২ জন গাসিক ৫৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব আবুল হোসেনের বাসায় যায়। এ সময় তারা আবুল হোসেনের পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। বৈষম্যবিরোধী ছাত্রদের হুমকি-ধমকিতে আবুল হোসেনের ভীতসন্ত্রস্ত স্ত্রী শিরিন সরকার কণা ৫ লাখ টাকা দিতে রাজি হন। তাৎক্ষণিক ছাত্রদেরকে ২৫ হাজার টাকা নগদ প্রদান করেন এবং বাকি টাকা পরদিন বৃহস্পতিবার দেওয়ার ওয়াদা দেন।
পরে আকাশ সাদা স্ট্যাম্পে ‘জীবনে আর আওয়ামী লীগ করব না’ লিখে স্বাক্ষর নিয়ে চলে যান। পরদিন বৃহস্পতিবার সকালে ছাত্ররা ওই বাসায় গিয়ে শিরিন সরকার ও তার ছেলের মুঠোফোনে টাকার জন্য বারবার ফোন দেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আবুল হোসেনের পরিবারের লোকজনকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো ও হত্যার হুমকি দেন।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানার সদস্য সচিব আকাশ খান বলেন, আওয়ামী লীগ নেতা ওই বাড়িতে অবস্থান করছে জেনে আমরা সেখানে গিয়েছিলাম। কোনো ধরনের চাঁদা আমরা চাইনি। যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এফএইচ/