দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুরে সরকারি কর্মচারী পরিচয়ে মানব পাচারকারী, ধর্ষণ ও প্রতারণা মামলার মূল পরিকল্পনাকারী আবুল কালাম আজাদ ইমনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে লালপুর বাজারের হাজী মার্কেট এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম আজাদ ইমন (৪৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হারদী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
সঞ্জয় কুমার সরকার জানান, গ্রেপ্তার আবুল কালাম আজাদ ইমন তার পরিচয় গোপন করে ভিকটিমের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। পরে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে প্রতারণামূলক নকল কাগজপত্র করে তাকে বিবাহ করে।
বিয়ের পর আবুল কালাম তার স্ত্রীকে (ভিকটিমকে) পতিতালয়ে নিয়ে যৌনকর্মী হিসেবে টাকার বিনিমেয়ে পাচারের চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে তার স্ত্রী ঘটনাটি তার মাকে জানালে ভিকটিমের মা বাদী হয়ে রাজবাড়ী জেলার পাংশা থানায় ধর্ষণ, প্রতারণা এবং পাচার সংক্রান্ত একটি মামলা করেন।
মামলা দায়েরের পর থেকে আবুল কালাম আজাদ ইমন আত্মগোপনে চলে যায়। এ অবস্থায় পুলিশ আসামি আবুল কালাম আজাদকে গ্রেপ্তারে র্যাব-৫ এর সহযোগিতা চান।
এর প্রেক্ষিতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর সদস্যরা নাটোরের লালপুরে অভিযান চালিয়ে হাজী মার্কেট এলাকা থেকে আবুল কালাম আজাদ ইমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইমনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
জেবি