দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় তিন ব্যক্তিকে সন্দেহ করছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ধারণা করা হচ্ছে, বিমানবন্দর স্টেশন থেকে ওই ট্রেনে ওঠা তিন ব্যক্তি বগিগুলোতে আগুন দিয়ে পরবর্তীতে নেমে যান।
পিবিআইয়ের পুলিশ সুপার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তদন্ত প্রমাণ করে, এটি নাশকতামূলক কাজ। এতে জড়িত থাকতে পারেন তিন ব্যক্তি। তারা বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনের তিনটি বগিতে উঠেছিলেন। তারাই ট্রেনের সিটে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিতে পারেন।
এ কারণে বিমানবন্দর স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করছে পিবিআই। ওই সময় কারা ট্রেনে উঠেছিলেন, তেজগাঁও স্টেশনে থেকে কারা নেমেছেন তা জানার চেষ্টা চলছে।
এদিকে পুলিশ বলছে, বিমানবন্দর থেকে ট্রেনটি ছেড়ে যখন প্রায় ১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেজগাঁও স্টেশনে পৌঁছায় তখন চালক ট্রেনে আগুন লাগার খবর পান।
এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তাৎক্ষণিকভাবে ট্রেনে আগুনের খবর কেন চালক পেলেন না, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে সব বিষয়ে আমলে নিয়ে তদন্ত চলছে।
অপরদিকে, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ বলছে, বিমানবন্দর স্টেশনেই যাত্রীবেশে কে বা কারা ট্রেনে আগুন দিয়েছে। ওই স্টেশন পার হওয়ার পরই আগুন ট্রেনে ছড়িয়ে পড়ে। তবে চালক টের পাননি।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিএনপিসহ সরকার বিরোধীদের ডাকা হরতালের দিন ভোরে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিন বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে নারী-শিশুসহ চারজন ঘটনাস্থলেই পুড়ে মারা যান।
ডিপি/