দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর পলাশে চাঞ্চল্যকর ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যা মামলার দীর্ঘ ৯ মাস পর প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার গভীর রাতে নরসিংদী শহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন রাজেন্দ্র চৌহান রাজু (৪৫) ও সাগর চৌহান (২৫)। রাজেন্দ্র চৌহান রাজু পলাশ উপজেলার চরসিন্দুর বাজার গোদারাঘাট এলাকার মঙ্গল চৌহানের ছেলে এবং সাগর চৌহান একই এলাকার চন্দ্রন চৌহানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি রাত আনুমানিক ৮টার দিকে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির ফটকের সামনে মণি চক্রবর্তীকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। তিনি চরসিন্দুর বাজার এলাকায় রাজেন্দ্র চৌহান রাজুর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে মাটি কাটার যন্ত্র ও পাথরের ব্যবসা করতেন।
ঘটনার দিন রাতে চরসিন্দুর বাজারে বাবার মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মণি চক্রবর্তীর পিছু নেয়। বাড়ির ফটকের সামনে পৌঁছালে পেছন থেকে তার মাথায় গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে নিহতের বাবা মদন চক্রবর্তী বাদী হয়ে পলাশ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
নিহতের বাবা মদন চক্রবর্তী অভিযোগ করেন, ছেলেকে হত্যার পর রাজেন্দ্র চৌহান রাজু তাকে ভুল বুঝিয়ে থানায় নিয়ে যান। পরে কৌশলে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করানো হয়। মামলাটির নম্বর ৭, তারিখ ৭ জানুয়ারি ২০২৬। এ মামলায় পলাশ থানা পুলিশ ইমরান হোসেন, রনি মিয়া, সুমন মিয়া ও মেহেদী হাসান নামে চারজনকে গ্রেপ্তার করে। তারা বর্তমানে জামিনে রয়েছেন।
নিহত মণি চক্রবর্তীর স্ত্রী অন্তরা মুখার্জি অভিযোগ করেন, তার স্বামীর সঙ্গে রাজেন্দ্র চৌহান রাজুর ব্যবসায়িক অংশীদারত্ব ছিল। মণি চক্রবর্তী রোমানিয়া যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার পর ব্যবসার লাভ-লোকসানের হিসাব করে রাজুর কাছে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা পাওনা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে রাজেন্দ্র চৌহান রাজু ভাড়াটে খুনি দিয়ে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
অন্তরা মুখার্জি আরও বলেন, হত্যার পর তার শ্বশুরকে ভুল বুঝিয়ে তাড়াহুড়া করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করানো হয়। পরে তিনি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে গত ১০ মার্চ নরসিংদীর আদালতে রাজেন্দ্র চৌহান রাজু, সোমা চৌহান, সাগর চৌহান ও শ্যামল চৌহানের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক শেখ মো. জসিম বলেন, মণি হত্যাকাণ্ডের ঘটনায় রাজেন্দ্র চৌহান ও সাগর চৌহানকে রোববার দিবাগত গভীর রাতে নরসিংদী শহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত পরবর্তী তারিখে রিমান্ড আবেদনের শুনানি করবেন।
এমএস/