দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে সংঘের নাম ব্যবহার করে সরকারি খাসজমি দখল করে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে ব্যাপাড়ীপাড়া যুব সংঘের সদস্যদের বিরুদ্ধে। উপজেলা সদরের সরকারি ডাকবাংলোর উত্তর পাশে সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে রোববার গভীর রাতে ওই টিনের স্থাপনাটি নির্মাণ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, রোববার গভীর রাতে ব্যাপাড়ীপাড়া যুব সংঘের নাম ব্যবহার করে ব্যাপাড়ীপাড়া গ্রামের করিম বিশ্বাস তৈরি করা একটি টিনের ঘর এনে সরকারি ওই জায়গায় বসিয়ে দেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা-সমালোচনা।
স্থানীয়রা জানান, ওই জায়গায় একসময় প্রেসক্লাব মহম্মদপুরের সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাবের নামে একটি নামফলক স্থাপন করা হয়েছিল। তাঁদের অভিযোগ, রাতের আঁধারে সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
ভূমি অফিস সূত্রে জানা যায়, ১৯৬২ সালের জরিপ অনুযায়ী জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। এর মালিক জেলা প্রশাসক। হাল রেকর্ড অনুযায়ী, মহম্মদপুর মৌজার ১ নম্বর খতিয়ানের ১২৭৯ ও ১২৮০ দাগে জমিটি ‘ক্লাব’ নামে রেকর্ডভুক্ত রয়েছে।
প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল ও সিনিয়র সহসভাপতি মো. মেহেদী হাসান পলাশ জানান, জায়গাটি প্রেসক্লাব মহম্মদপুরের। সেখানে প্রেসক্লাবের নামফলকও রয়েছে। তাঁরা বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)কে জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে স্থাপনাটি দ্রুত অপসারণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তাঁরা।
স্থানীয় ইউপি সদস্য তানজির রহমান সোহাগ বলেন, সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন, ব্যাপাড়ীপাড়া সংঘের নামে সরকারি জমিটি দখল করা হয়েছে। এভাবে সরকারি জায়গা দখল করে রাখায় সরকারি ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। দ্রুত তদন্ত করে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে করিম বিশ্বাস বলেন, এটি তাঁদের সংঘের জায়গা। তাঁরা তাঁদের সংঘের জায়গাতেই ঘর তুলেছেন।
মহম্মদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব বলেন, রাতে যে জায়গায় ঘর তোলা হয়েছে, সেটি সরকারি জায়গা। যারা ঘর তুলেছেন, তাঁদের আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তাঁরা স্থাপনাটি সরিয়ে নেবেন। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে স্থাপনাটি অপসারণ করা হবে।
এমএস/