দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টাউন বহালগাছিয়া এলাকার নয় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আবুল বাশারকে গ্রেপ্তার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, আবুল বাশারের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট নয়টি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
পটুয়াখালী সদর থানার এএসআই রিপন জানান, আবুল বাশারের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্ব তাঁর ওপর ছিল। বিভিন্ন কৌশল অবলম্বন করে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
এদিকে স্থানীয় কয়েকজনের অভিযোগ, আবুল বাশার এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং একটি মাদক সিন্ডিকেট পরিচালনা করেন। সরকারি খাল দখলেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রের দাবি, একসময় আবুল বাশার একটি মুরগির খামারে কর্মচারী হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে অল্প সময়ের মধ্যে বিপুল অর্থ-সম্পদের মালিক হওয়ায় তাঁর সম্পদের উৎস নিয়ে এলাকায় নানা আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অভিযোগ অস্বীকার করে আবুল বাশার বলেন, তাঁর নামে কোনো মামলা নেই এবং তিনি নির্দোষ। তাঁকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এলাকার কিছু লোক তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান (মনির) জানান, আবুল বাশারের বিরুদ্ধে মাদক ও ডাকাতিসহ মোট নয়টি পৃথক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএস/