দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধায় শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা গাইবান্ধায় হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। তাঁরা বলেন, ব্যাটারিচালিত যানবাহনের জন্য সমন্বিত নীতিমালা প্রণয়ন, নিয়ন্ত্রণ, প্রশিক্ষণ ও নিবন্ধনের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় সমাবেশ শেষে মিছিল করার সময় হামলার ঘটনা ঘটে।
বক্তারা অভিযোগ করেন, গাইবান্ধায় সংগ্রাম পরিষদের সমাবেশ শেষে মিছিল চলাকালে পৌরসভার সামনে পৌরসভার টোকেন ব্যবসায়ীরা বাসদ গাইবান্ধা জেলা শাখার সমন্বয়ক গোলাম রাব্বানীসহ শ্রমিক নেতাদের ওপর হামলা চালান। এতে গোলাম রাব্বানীসহ কয়েকজন শ্রমিক নেতা আহত হন।
তাঁরা আরও বলেন, ব্যাটারিচালিত যানবাহনের সঙ্গে দেশের বিপুলসংখ্যক মানুষের জীবিকা জড়িত। শ্রমিকদের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশ থেকে হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি আদায়ে প্রয়োজন হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা।
সমাবেশে সভাপতিত্ব করেন রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার প্রধান সংগঠক দুলাল মল্লিক। এতে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার ক্রীড়া বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ বেল্লাল হোসেন, বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের নেতারা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
এমএস/