দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার নজরুল ইসলাম রনি সৌদি আরবে নিখোঁজ হওয়ার ঘটনায় তাকে জীবিত ও সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে আনা এবং কথিত মানবপাচার ও প্রতারণার সঙ্গে জড়িত দালাল চক্রের বিচার দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডামুড্যা উপজেলার আওরঙ্গজেব এর মোড়ে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সৌদি আরবে পাঠানোর নামে নজরুল ইসলাম রনির সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং বিদেশে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তাদের দাবি, আরহান রিক্রুটিং এজেন্সির মালিক শাহীন বাবুর মাধ্যমে জাল টিকিটসহ নানা প্রতারণার শিকার হন রনি ও ফাহিম হাসান। দীর্ঘদিনেও রনির কোনো সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে দালাল চক্রের কাছে জানতে চাইলেও তারা কোনো তথ্য দিতে পারেনি বরং পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় শাহীন বাবুর ভূমিকা তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
পরিবারের সদস্যরা আরও দাবি করেন, ডামুড্যা থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন তারা।
এ বিষয়ে নিখোঁজ নজরুল ইসলাম রনির মা রোকসানা বেগম বলেন, ‘আরহান রিক্রুটিং এজেন্সির মালিক শাহীন বাবুর মাধ্যমে আমার ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছি। বিদেশ যাওয়ার পর আমার ছেলে প্রথম দুই-তিন মাস নিয়মিত আমার সঙ্গে কথা বলেছে। কিন্তু এখন সে নিখোঁজ। তার কোনো খোঁজখবর পাচ্ছি না। এ বিষয়ে শাহীন বাবুর কাছে জানতে চাইলে তারা আমাদের হুমকি দেয়। আমরা ডামুড্যা থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করি। আমি আমার ছেলেকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
অভিযুক্ত শাহীন বাবু সৌদি আরব থেকে মুঠোফোনে বলেন, ‘রনি আমার প্রতিবেশী। সে আমার মাধ্যমে বিদেশে যায়নি, তবে আমি তাকে সহযোগিতা করেছি। সম্প্রতি ব্যক্তিগত বিরোধের জেরে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। রনি নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমিও তার সন্ধানের চেষ্টা করছি। আমাকে সামাজিকভাবে হেয় ও ফাঁসানোর উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। পাশাপাশি আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তদন্তে যদি আমার কোনো অপরাধ প্রমাণিত হয়, তাহলে আমি তা মাথা পেতে মেনে নেব।’
এ বিষয়ে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শাহীন নামে এক ব্যক্তির বিরুদ্ধে রনিকে বিদেশে পাঠানোর কথা বলে তিন বছর ধরে নিখোঁজ ও আরেক ব্যক্তি ফাহিম হাসানের টিকিট নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। যেহেতু বিষয়টি দীর্ঘদিনের এবং বিদেশের সঙ্গে সংশ্লিষ্ট, তাই পিবিআই ও সিআইডির তদন্তের সুবিধার্থে আদালতে মামলা করলে ভালো হবে বলে আমি পরামর্শ দেই।’
কেন থানায় অভিযোগ নেওয়া হয়নি গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অভিযোগ পেলে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
/অ