দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে পৃথক মামলায় তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান পরিচালনার বিষয়টি অবৈধ বালু উত্তোলনকারীরা যাতে আগেভাগে টের না পায়, সেজন্য সিএনজিযোগে একটি পৃথক দলকে সম্ভাব্য বিভিন্ন স্থানে পরিদর্শনের জন্য পাঠানো হয়। তবে অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে কয়েকজন অবৈধ বালু উত্তোলনকারী ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়। পরে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় সিপেন কুর্মী (২৮), পিতা—বলরাম কুর্মী, দক্ষিণ সাইটুলা, আশিদ্রোন ইউনিয়ন এবং বিশ্বনাথ কুর্মী (২৬), পিতা—কুশল কুর্মী, দক্ষিণ সাইটুলা, আশিদ্রোন ইউনিয়নকে হাতেনাতে আটক করা হয়।
আটক দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে উভয় মামলায় তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন মাসে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন।
অবৈধ বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হচ্ছে।
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের চলমান কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে শ্রীমঙ্গলের সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।
/অ