দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাত্রদল নেতাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম আউড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে এবং সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক অন্তর হাওলাদার এবং একই গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে মো. জাহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পশ্চিম আউড়া এলাকায় অভিযান চালায় কাঁঠালিয়া থানার পুলিশের একটি দল। এ সময় অন্তর হাওলাদার ও জাহিদুল ইসলামের দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশের দাবি, অন্তর হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি নিজে মাদক সেবনের পাশাপাশি এলাকায় মাদক বিক্রি করতেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার পরও তিনি প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছের রায়হান বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার সকালে তাঁদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/