দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল চলাকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার তুলাশার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদী এলাকায় মিছিল থেকে তাঁদের আটক করা হয়। পরে রোববার (৬ সেপ্টেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাদিম সিকদার (২৭), ফারুক মাদবর (৫২), ওমর ফারুক (১৮), রাকিবুল সরদার (২০), আসিক সরদার (১৯) ও বিল্লাল সরদার (৩০)।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তুলাশার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদী গ্রামের একটি সড়কে যুবলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল করছিলেন। মিছিলের নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শরীয়তপুর সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ইকবাল হোসেন ওরফে রতন।
গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালালে মিছিলকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে ছয়জনকে আটক করে পালং মডেল থানায় নিয়ে যায়।
পরে রোববার তাঁদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিছিল চলাকালে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএস/