দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘সংসদে এক কথা, আর রাজপথে আরেক কথা—এটাই তাদের রাজনৈতিক চরিত্র।’—বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে এমন কড়া মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর আমির প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গালিগালাজের অভিযোগে সিফাত সরকারের বিচার দাবি করেছিলেন। অথচ আজ আবার লংমার্চ করে সেই ব্যক্তির মুক্তি দাবি করা হচ্ছে। তাদের এই দ্বিমুখী অবস্থানই রাজনৈতিক চরিত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
শনিবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর জেলা বিএনপির পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বর্ণাঢ্য র্যালির আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে এ্যানি বলেন, “২৪-এর গণঅভ্যুত্থানে আমরা সবাই মিলে আন্দোলন করেছি। আমাদের লক্ষ্য ছিল একটাই—ফ্যাসিবাদী শেখ হাসিনার পদত্যাগ।”
তিনি আরও বলেন, “জামায়াত, শিবির—আবার এখন এনসিপি। ঘুরেফিরে একই শক্তি ভিন্ন নামে সামনে আসছে।”
রাজনৈতিক মঞ্চে নাম ও পরিচয় বদলালেও তাদের রাজনৈতিক অবস্থানের মধ্যে ধারাবাহিকতা রয়েছে বলেও দাবি করেন তিনি।
এ্যানির বক্তব্যে উঠে আসে সাম্প্রতিক রাজনৈতিক মেরুকরণ ও বিরোধী দলগুলোর ভূমিকা নিয়ে বিএনপির অবস্থান। তাঁর বক্তব্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
আলোচনা সভায় জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক শাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপি নেতা ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বক্তব্য দেন। এ ছাড়া সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহি উদ্দিন বিটু, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আবু ইউছুফ ভূঁইয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ স্কুল মাঠ থেকে জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখরিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন মাঠে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কেএম