দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানের বিরুদ্ধে বদলির প্রজ্ঞাপন জারির পর এক সাংবাদিকের বাড়িতে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে তল্লাশি চালানো এবং অপর এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে কালবেলার রৌমারী উপজেলা প্রতিনিধি সাখাওত হোসেন জানান, এসিল্যান্ডের হুমকির পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি রৌমারী থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
জানা গেছে, গত বুধবার (২ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব নুসরাত জাহান নিসুর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসিল্যান্ড রাফিউর রহমানের বদলির আদেশ জারি হয়। এর পরদিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে উপজেলার সবুজপাড়া গ্রামের সিনিয়র সাংবাদিক ও দৈনিক মানবজমিনের রৌমারী প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে তল্লাশি চালানো হয়।
সাংবাদিক রফিকুল ইসলাম সাজুর অভিযোগ, দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ি গ্রামের একটি জমির নামজারি ২৭ আগস্ট সম্পন্ন হয়। পরে ৩১ আগস্ট এসিল্যান্ড সেটি বাতিল করেন। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় মুঠোফোনে এর আইনগত বৈধতা জানতে চাইলে এসিল্যান্ড ক্ষুব্ধ হন। এর জের ধরে তাঁর বাড়িতে মাদক থাকার অভিযোগ তুলে তল্লাশি চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
অপর সাংবাদিক সাখাওত হোসেন অভিযোগ করেন, এসিল্যান্ডের বিরুদ্ধে একাধিক সংবাদ প্রকাশ করায় তিনি তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। এ বিষয়ে বক্তব্য জানতে ফোন করলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান।
স্থানীয়দের অভিযোগ, এসিল্যান্ড রাফিউর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেন, দালালচক্রের মাধ্যমে সেবা প্রদান, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, সাংবাদিকদের অপমান এবং বিভিন্নভাবে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, এসিল্যান্ড পুলিশ চেয়েছিলেন, তাই পুলিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তাঁর আর কোনো বক্তব্য নেই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, মাদকের তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি। ওই ব্যক্তি সাংবাদিক কি না, তা তিনি জানতেন না বলেও দাবি করেন।
এমএস/