দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনুকূল আবহাওয়া আর কৃষি বিভাগের পরামর্শে শরীয়তপুরে এবার পেঁপের ভালো ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় এবং বাজারে মোটামুটি সন্তোষজনক দাম থাকায় খুশি জেলার পেঁপে চাষিরা। এরই মধ্যে বিভিন্ন এলাকায় বাগান থেকে পেঁপে সংগ্রহ ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শরীয়তপুরে ২৪০ হেক্টর জমিতে পেঁপে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ২৫০ হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে।
কৃষি কর্মকর্তারা বলছেন, জেলার মাটি ও আবহাওয়া পেঁপে চাষের জন্য বেশ উপযোগী। এ কারণে প্রতিবছরই এ ফসলের আবাদ বাড়ছে। উন্নত জাতের চারা, সঠিক পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে।
শরীয়তপুর সদর উপজেলার জয়নগর ইউনিয়নের কৃষক হালেন বেপারি ১৬০ শতাংশ জমিতে প্রায় ৩ হাজার ৬০০টি পেঁপে গাছ লাগিয়েছেন। বাগানের পরিচর্যায় সার, জৈব সার, টিএসপি, কার্বেল, থ্রিপিট ও ম্যাগনেটসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করেছেন তিনি। এ পর্যন্ত তার প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে।
হালেন বেপারি বলেন, এবার বাগানে ফলন ভালো হয়েছে। পেঁপে চাষে খরচও কম হয়নি। বাজারদর স্বাভাবিক থাকলে এ মৌসুমে ভালো লাভ করার আশা করছেন তিনি।
জেলার বিভিন্ন এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তুলনামূলক কম সময়ে ফলন পাওয়া এবং বাজারে পেঁপের চাহিদা থাকায় এ ফসলের প্রতি আগ্রহ বাড়ছে। অনেকে অন্যান্য ফসলের পাশাপাশি পেঁপে চাষেও জমি ব্যবহার করছেন।
আরেক চাষি আকবর বলেন, পেঁপে চাষে বেশি সময় অপেক্ষা করতে হয় না। ফলনও ভালো পাওয়া যায়। বাজারে চাহিদা থাকায় দামও ভালো পাওয়ার সুযোগ রয়েছে। তবে উৎপাদনের সময় কৃষকরা যেন ন্যায্যমূল্য পান, সেটি নিশ্চিত করা গেলে পেঁপে চাষে আগ্রহ আরও বাড়বে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, পেঁপের ভালো ফলন পেতে উন্নত জাতের চারা নির্বাচন, নিয়মিত পরিচর্যা ও আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগবালাই দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
যে আই