দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুড়িয়া গ্রামে বিষমুক্ত ও পরিবেশবান্ধব জৈব পদ্ধতিতে ‘নয়ন কাজল’ জাতের বেগুন চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক লিটন মন্ডল। স্বল্প খরচে অধিক ফলন এবং বাজারে ভালো দাম পাওয়ায় তার মুখে এখন তৃপ্তির হাসি। একই জমিতে সাথী ফসল হিসেবে লাউ চাষ করে বাড়তি আয়ের পথও তৈরি করেছেন তিনি। লিটনের এমন অভাবনীয় সাফল্য দেখে এলাকার অন্য কৃষকরাও এখন ঝুঁকছেন এই লাভজনক সবজি চাষে।
মাঠ ঘুরে দেখা যায়, লিটন মন্ডলের ৪০ শতক জমিতে এখন সবুজের সমারোহ। প্রতিটি গাছে ডালপালা জুড়ে ঝুলছে নজরকাড়া উজ্জ্বল রঙের ‘নয়ন কাজল’ বেগুন। ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ও অতিরিক্ত সারের বদলে তিনি পুরো জমিতেই ব্যবহার করেছেন ভার্মি কম্পোস্টসহ বিভিন্ন পরিবেশবান্ধব জৈব সার। বীজ বপন, মাচা তৈরি ও পরিচর্যা বাবদ তাঁর মোট খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা।
কৃষক লিটন মন্ডল জানান, বাজারে ‘নয়ন কাজল’ জাতের বেগুনের দারুণ চাহিদা রয়েছে। এর চকচকে রঙ, মসৃণ ত্বক এবং সুস্বাদু স্বাদের কারণে ক্রেতারা সহজেই এটি কিনছেন। প্রতি সপ্তাহেই ক্ষেত থেকে বেগুন তুলে স্থানীয় বাজারে ৮-১০ মন বেগুন বিক্রি করে ১৫ হাজার টাকা ঘরে তুলছেন তিনি। খরচ বাদে বড় ৪-৫ লক্ষ টাকা লাভ থাকবে বলে তিনি আশাবাদী।

শুধু বেগুন চাষেই সীমাবদ্ধ থাকেননি লিটন। বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ফসলের জমির আইল বা সীমানাজুড়ে তিনি লাগিয়েছেন ‘হাজারি লাউ’। বেগুনের পরিচর্যার খরচেই বেড়ে উঠছে এই লাউয়ের গাছগুলো। মূল ফসলের পাশাপাশি সীমানার লাউ বিক্রি করেও মিলছে বাড়তি মুনাফা। একই জমিতে এমন বহুমুখী ও নিরাপদ চাষাবাদে এলাকার সাধারণ কৃষকদের মাঝেও বেশ কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়েছে।
স্থানীয় কৃষকরা জানান, লিটনের ক্ষেতের বাম্পার ফলন দেখে তাঁরাও আগামীতে নয়ন কাজল বেগুন ও সাথী ফসল চাষের পরিকল্পনা করছেন। তবে তাঁদের দাবি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা নিশ্চিত করা গেলে এ ধরনের ফসল আরও বড় ভূমিকা রাখতে পারে।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন বলেন, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে উচ্চফলনশীল নয়ন কাজল বেগুন চাষ অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। এর পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবে লাউ চাষের মিশ্র কৌশল লিটন মন্ডলকে দ্রুত লাভবান করেছে। নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষিকে বাণিজ্যিক রূপ দিতে কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁকে সব ধরনের কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে।
কেএম