দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সোহাগ মিয়া (১৬) নামের এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বাল্লা সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত গাজীপুর ইউনিয়নের সিমটি বিল খাস গ্রামের শফিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে সোহাগ সীমান্তে গরু চরাতে যায়। সকাল সাড়ে ১১টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে গুলিবিদ্ধ হয়। পরে দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে স্বজনরা সীমান্তে খুঁজতে গিয়ে তাকে ধানের জমিতে পড়ে থাকতে দেখেন।
পরে তারা তাকে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে হবিগঞ্জ ৫৫ বিজিবি জানিয়েছে- কয়েকজন বাংলাদেশি চোরাচালানকৃত গরু আনার উদ্দেশ্যে শূন্যরেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখানে ভারতীয় চোরাকারবারিদের একটি দলের সঙ্গে তাদের বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে ভারতীয় চোরাকারবারিরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে সোহাগ মিয়া গুরুতর আহত হন। পরে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। তাকে চুনারুঘাট সরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৫৫ বিজিবি আরও জানায়, নিহত কিশোরের পরিবারের কয়েকজন সদস্য এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক মামলা রয়েছে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
কেএম