দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে সহপাঠীকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার দায়ে মিরাজুল ইসলাম স্বর্ণামতকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন বরিশাল শিশু আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনার প্রায় নয় বছর পর সোমবার (২৪ আগস্ট) বরিশাল শিশু আদালতের বিচারক মুহা. রকিবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত মিরাজুল আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী আজিবর রহমান।
মিরাজুল ইসলাম স্বর্ণামত (২৪) নগরীর ফলপট্টি এলাকার বাসিন্দা বাবুল স্বর্ণামতের ছেলে।
মামলার বরাতে বেঞ্চ সহকারী জানান, নগরীর ফলপট্টি এলাকার আবির রবি দাস ও মিরাজুল ইসলাম স্বর্ণামত নগরীর একে ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই এলাকায় বসবাস ও একই শ্রেণিতে পড়ার কারণে তাদের মধ্যে বন্ধুত্বও ছিল।
২০১৭ সালের ২২ ডিসেম্বর ক্রিকেট খেলা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। ওই বিরোধের জেরে ওইদিন দুপুরে ফলপট্টি এলাকার একটি আবাসিক হোটেলের সামনে আবিরকে একা পেয়ে মিরাজুল হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে তার মাথায় আঘাত করেন।
আবিরের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ওইদিন রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন ২৩ ডিসেম্বর আবিরের বাবা জয় রবি দাস কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় মিরাজুলকে নামীয় আসামি এবং অজ্ঞাতপরিচয় আরও তিনজনকে আসামি করা হয়।
কোতয়ালী মডেল থানার এসআই ইলিয়াস হোসেন ২০১৮ সালের ৩১ মার্চ তদন্ত শেষে একমাত্র মিরাজুল ইসলাম স্বর্ণামতকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে মিরাজুলকে ১০ বছরের আটকাদেশ ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
কেএম