দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাসপাতালে স্যালাইন মজুত থাকার পরও রোগীকে তা না দিয়ে বাইরে থেকে কিনে আনতে বলার অভিযোগে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামানের স্বাক্ষরিত নোটিশ থেকে এ তথ্য জানা যায়।
অভিযুক্ত নার্সের নাম মাসুদা আক্তার। তিনি হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে যান। এ সময় তিনি মহিলা মেডিসিন ওয়ার্ডের ১১৩ নম্বর বেডে চিকিৎসাধীন রোগী তারিনের চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে রোগী ও তাঁর স্বজনেরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন, হাসপাতালে স্যালাইন মজুত থাকা সত্ত্বেও ওয়ার্ড ইনচার্জ মাসুদা আক্তার তা সরবরাহ না করে বাইরে ফার্মেসি থেকে কিনে আনতে বলেন।
অভিযোগের সত্যতা পাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে রোগীর বাইরে থেকে স্যালাইন কেনার খরচের টাকা নিজ পকেট থেকে ফেরত দেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট নার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
এর পরিপ্রেক্ষিতে সোমবার মাসুদা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ম. আখতারুজ্জামান বলেন, সরকারি দায়িত্বে অবহেলা ও চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে।
এমএস/