দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর বদলগাছী উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গোঁবরচাপা মোড়ে এই ঘটনা ঘটে। আহত আবু রায়হান গিটার প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এরপর অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোঁবরচাপা মোড়ে শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার কে কেন্দ্র করে সম্প্রতি এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ লোকজনকে নিয়ে শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার করছে সুজাউল ইসলাম। সেখানে স্থানীয় লোকজন বাঁধা দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়। এক পর্যায়ে স্থানীয়দের সাথে সুজাউল ইসলামের লোকজনের মধ্যে মারামারি শুরু হয়। দুই গ্রুপের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার। তখনই আবু রায়হান গিটারকে লক্ষ্য করে ছুরিকাঘাত করেন মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলাম। এ সময় আবু রায়হান গিটারকে বাঁচাতে গিয়ে শাহীন নামে এক যুবক আহত হয়। পরে স্থানীয় জনতা বহিষ্কৃত নেতা সুজাউলকে মারধর করলে তিনি আহত হোন। পরে আহত সুজাউল ইসলাম বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ছুরিকাঘাতের পর গিটার আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেন।
এ বিষয়ে অভিযুক্ত সুজাউল ইসলামের ব্যবহুত মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ছেলে সিয়াম ফোন রিসিভ করে। ছেলে সিয়াম জানান, আমার বাবা গত চার বছর থেকে গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিকের একটি ঘর ব্যবহার করে। সেই ঘর এখন আমার বাবাকে ব্যবহার করতে দিচ্ছে না গিটার চাচার লোকজন। ওই ঘরটিতে আওয়ামী লীগের লোকজন বসে। এই নিয়ে মারামারি হয়েছে আজকে বিকালে। এর বেশী কিছু আমি জানি না।
এ বিষয়ে উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার করা নিয়ে দু পক্ষের মধ্যে গন্ডগোল হচ্ছে। আমি দুপক্ষের মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি। এক পর্যায়ে আমাকে সুজাউল ইসলাম ছুরিকাঘাত করে।
এ বিষয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, আবু রায়হান গিটারের বুকের ক্ষত অনেক গভীরে ছিল। প্রচুর রক্ত বের হচ্ছিল। পরীক্ষার জন্য যেসকল যন্ত্রপাতি দরকার আমাদের এখানে না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে জানতে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেএম