দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির কাঁঠালিয়ায় ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া বাজারের রাজাপুর-কাঁঠালিয়া প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে প্রায় এক ঘণ্টা দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তব্য দেন কচুয়া বাজার সমিতির সভাপতি মো. মোস্তফা হেলাল কিরন, সাধারণ সম্পাদক মো. রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদার, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রিনা রানী ও সেফালী রানীসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
বক্তারা বলেন, কচুয়া বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, বাজারে ব্যবসা করতে এসে কোনো ব্যবসায়ী যেন সন্ত্রাসী হামলার শিকার না হন, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
গত শুক্রবার (২১ আগস্ট) দুপুরে কচুয়া বাজারে অন্য দোকান থেকে সিগারেট এনে না দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ফারুক ফকিরের ছেলে রাজা ফকির (৩০) ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পরপরই পুলিশ রাজা ফকিরকে আটক করে। এ ঘটনায় আহত সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদী হয়ে শুক্রবার বিকেলে রাজা ফকিরসহ দুজনকে আসামি করে কাঁঠালিয়া থানায় মামলা করেন।
এমএস/