দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে গৃহবধূ শাম্পা খাতুন ও তাঁর এক বছর বয়সী শিশুপুত্র আবির হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মাদবরচর ইউনিয়নের ভেলি বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয়রা আসামি ফারুকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে তাঁর পক্ষে আদালতে কোনো আইনজীবীকে না দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা। নিখোঁজ শিশু আবিরের মরদেহ দ্রুত উদ্ধারেরও দাবি জানানো হয়।
বক্তারা বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকার একটি ঝোপের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিচয় শনাক্ত হয়। তিনি নাটোরের লালপুরের বাসিন্দা শাম্পা খাতুন।
তদন্তে পুলিশ জানতে পারে, আদালতে একটি মামলার সূত্র ধরে শাম্পার সঙ্গে ফারুকের পরিচয় হয়। পুলিশের অভিযোগ, ওই পরিচয়ের সূত্র ধরে শাম্পাকে নিজ বাসায় নিয়ে ধর্ষণের পর হত্যা করেন ফারুক। তাঁর এক বছর বয়সী ছেলে আবিরকেও হত্যা করে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি। তবে এখনো শিশুটির মরদেহ উদ্ধার হয়নি।
এ ঘটনায় নিহতের বাবা ছামরুল ইসলাম শিবচর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ ও র্যাব-৮ প্রযুক্তির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রাজৈর থেকে ফারুককে গ্রেপ্তার করে। তাঁর বাসা থেকে নিহত শাম্পার স্বর্ণের নাকফুল, রুপার চেইন, জুতা ও আংশিক পোড়া একটি ওড়না উদ্ধার করা হয়।
শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাহ উদ্দিন কাদের বলেন, হত্যাকাণ্ডে ফারুকের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এমএস/