দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীর মনোহরদীতে বাড়িতে ঢুকে আকাশ মিয়া (২৫) নামে এক অটোচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহত আকাশ মিয়া দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামের কৃষক আফতাব উদ্দিনের ছেলে। তিনি এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।
আকাশের বাবা আফতাব উদ্দিন বলেন, তাঁদের বাড়ির একটি ঘরের এক পাশে গরু রাখা হয় এবং অন্য পাশে আকাশ থাকতেন। ভোরে ঘুম থেকে উঠে তিনি গরু বের করে দেওয়ার জন্য আকাশকে ডাকেন। আকাশ ঘুম-ঘুম চোখে গরুটি বের করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েন। পরে তিনি গরু নিয়ে মাঠে চলে যান এবং আকাশের মা তাঁর বোনের বাড়িতে যান।
আফতাব উদ্দিন বলেন, সকাল ৯টার দিকে তাঁরা বাড়িতে ফিরে ওই ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতর থেকে গোঙানির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন, আকাশের ডান চোখের ওপরের অংশে ধারালো অস্ত্রের আঘাত এবং মাথা থেকে রক্ত বের হচ্ছে। আকাশ তখন শুধু গোঙাচ্ছিলেন, কথা বলতে পারছিলেন না। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে মনোহরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মনোহরদী থানার উপপরিদর্শক আবেদ আলী বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে। দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এমএস/