দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁও শহরে সীমানা প্রাচীর ভাঙচুর করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কাশেম আলী বাদী হয়ে হুমায়ুন ও সোহেল রানাসহ কয়েকজনের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে শহরের তেলিপাড়া (পূর্ব গোয়ালপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী কাশেম আলী বলেন, ২০২১ সালে রেকর্ডীয় মালিকের কাছ থেকে তেলিপাড়া এলাকায় তিন শতক জমি কিনেছেন তিনি। ওই জমির বাইরে তাঁর আরও জমি রয়েছে। ক্রয় করা তিন শতক জমিতে তিনি সীমানা প্রাচীর নির্মাণ করেন।
কাশেম আলীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে স্থানীয় বাসিন্দা হুমায়ুন ও সোহেল রানা তাঁর কাছে ৯ লাখ টাকা দাবি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে শনিবার দুপুরে তাঁদের নেতৃত্বে কয়েকজন তাঁর ক্রয় করা জমির সীমানা প্রাচীর ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে তাঁকে টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে। ভাঙচুরের সময় তাঁর সিসিটিভি ক্যামেরাও ভেঙে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় শনিবার দুপুরে হুমায়ুন ও সোহেল রানাসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন কাশেম আলী। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
অভিযুক্ত হুমায়ুন ও সোহেল রানার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।
ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) সুজিত কুমার পাল বলেন, কাশেম আলী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পরপরই একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/