দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহতদের উদ্ধার করতে গিয়ে প্রাইভেটকারের চাপায় নুরুজ্জামান আকন্দ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ভাঙচুরের পাশাপাশি একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দিয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাহাদিয়া পাঁচপীর মাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান আকন্দ উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত কদ্দুস আকন্দের ছেলে। তিনি স্থানীয় বাজারের পান ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বাহাদিয়া পাঁচপীর মাজার এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হলে তাঁদের উদ্ধার করতে এগিয়ে যান নুরুজ্জামান আকন্দ। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার তাঁকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি ভাঙচুর করে এবং একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/