দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় দুটি ইজিবাইকসহ উভয় পক্ষের পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টার দিকে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কচুবাড়িয়া গ্রামের রকফুল মুন্সির বাড়ির সামনে আশরাফুল ইসলামের ছয় বছর বয়সী প্রতিবন্ধী ছেলে হুসাইন ঘোরাফেরা করছিল। এ সময় পাঞ্জাব শেখ হুসাইনকে রাতে একা বাড়ির বাইরে আসার কারণ জানতে চেয়ে পাটকাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার জেরে হুসাইনের চাচা রকফুল শেখ পাঞ্জাব শেখের বাড়ির সামনে গিয়ে তাকে মারধরের কারণ জানতে চান। এ সময় তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পাঞ্জাব শেখ, সমির শেখ ও রিপন শেখ রকফুল শেখের বাড়িতে ঢুকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ করা হয়।
এ খবর ছড়িয়ে পড়লে রকফুলের লোকজন পাঞ্জাব শেখ (৪৮), তাঁর স্ত্রী লিলি বেগম (৪২), ভাই সমির শেখ (৪০) ও ছেলে রিপন শেখ (২৫)কে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।
আহত পাঁচজন বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় পাঞ্জাব শেখের দুটি ব্যাটারিচালিত ইজিবাইকসহ উভয় পক্ষের পাঁচটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে স্থানীয়রা জানান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএস/