দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুর উপজেলায় পৃথক দুটি স্থান থেকে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ২ নম্বর আমলসার ইউনিয়নের আমলসার পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হোসেন। এ সময় একজনের কাছ থেকে ২৩ বস্তা এবং অপর একজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়।
স্থানীয় কৃষকদের অভিযোগ, মো. শহীদ জোয়ারদারের কাছে সার কিনতে গেলে অনেক সময় তাঁদের বলা হতো সার নেই। তবে বেশি দামে কিনতে চাইলে মজুত করা সার বিক্রি করা হতো বলে অভিযোগ করেন তাঁরা।
কৃষকেরা বলেন, এভাবে বিপুল পরিমাণ সার মজুত করে রাখায় স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে। কৃষকদের জন্য বরাদ্দ সার অবৈধভাবে মজুত করে বেশি দামে বিক্রির চেষ্টা করা হলে তাঁদের ভোগান্তি আরও বাড়ে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এত সার মজুত করা হয়েছিল, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
অভিযানের সময় মো. শহীদ জোয়ারদার ঘটনাস্থলে ছিলেন না। তিনি পালিয়ে যাওয়ায় তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এ ঘটনায় একই গ্রামের মো. নয়ন জোয়ারদার জড়িত বলে জানিয়েছে প্রশাসন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, কৃষি অফিস থেকে গোপন সংবাদের ভিত্তিতে সার অবৈধভাবে মজুতের খবর পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে একজনের কাছ থেকে ২৩ বস্তা এবং আরেকজনের কাছ থেকে ৩০৫ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে সার মজুতের বিষয়টি জানতে পারেন তাঁরা। পরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/