দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর বাউফলে সড়কের ওপর পড়ে থাকা পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর স্কুলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ রাড়ি ওই এলাকার ইসহাক রাড়ির ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তার চার মেয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সকালে ওই সড়ক দিয়ে একটি ভেকু মেশিন নেওয়ার সময় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে সড়কের ওপর পড়ে যায়। বিষয়টি স্থানীয়রা পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসে জানান। পরে বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে এলেও ছেঁড়া তারটি মেরামত না করেই চলে যান বলে অভিযোগ করেন তারা।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, ছেঁড়া তার মেরামতের জন্য লাইনের আওতাভুক্ত কয়েকজন গ্রাহকের কাছে টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে না পারায় ঝুঁকিপূর্ণ অবস্থায় তারটি সড়কের ওপর পড়ে থাকলেও তা মেরামত করা হয়নি। তবে এ অভিযোগের বিষয়ে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে ওই সড়কে যান ইউসুফ রাড়ি। এ সময় সড়কে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পল্লী বিদ্যুতের বাউফল জোনাল অফিসের ডিজিএম, এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সংবাদকর্মীরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁদের কাউকে ফোনে পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি শুনে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
যে আই