দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। হামলায় সংসদ সদস্য আহত না হলেও তার সঙ্গে থাকা অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার পরই সংসদ সদস্য আয়নুল হক গাড়িতে বসেই ফেসবুক লাইভে এসে প্রশাসনের কাছে নিজের নিরাপত্তা ও হামলার ঘটনায় জড়িতদের আটকের জোর দাবি জানান।
অন্যদিকে হামলার ঘটনার পরই বিএনপি নেতাকর্মীরা ধানগড়া সড়ক অবরোধ ও কয়েকটি স্থানে মিছিল করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।
সংসদ সদস্য ভিপি আয়নুল হক জানান, রায়গঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের বিষয় নিয়ে ধানগড়া বাজার পুরাতন মুক্তিযোদ্ধা ভবনের সামনে এলাকার গণ্যমান্য মানুষ নিয়ে বৈঠক চলছিল। বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। বৈঠকে এলাকার মুরুব্বি ও বিএনপি নেতাদের সমন্বয়ে কমিটি গঠন করে স্থান নির্ধারণের সিদ্ধান্তের কথা বলা হয়। এ সময় বৈঠকে উপস্থিত জামায়াত-শিবির ও এনসিপির নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে তিনি গাড়িতে উঠলে শিবির ও এনসিপির নেতাকর্মীরা তার গাড়িতে হামলা চালায় এবং ঢিল ছুড়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। হামলায় তিনি আহত না হলেও তার সঙ্গে থাকা অন্তত ৬ জন আহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, হামলায় এমপি আঘাত প্রাপ্ত হননি। তবে গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আহসানুজ্জামান জানান, বিকেলে পৌর বিএনপি, এনসিপি ও জামায়াতসহ সবাই কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের বৈঠকের আয়োজন করে। বৈঠকে এমপির বক্তব্য চলাকালে কমিটির মাধ্যমে স্থান নির্ধারণের ঘোষণা দিলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে এমপি গাড়িতে চলে যাওয়ার সময় কেউ পেছন থেকে ঢিল ছুড়লে এমপির গাড়ির গ্লাস ভেঙে যায়। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/অ