দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে ফাঁসাতে তার বাড়ির পাশে দুইটি পাইপগান পুঁতে রাখার অভিযোগে মো. দিনা ওরফে দিদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় স্বাধীন (৪০) নামে আরও একজনকে আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকালে ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিবি জানায়, শুক্রবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ডিবির একটি বিশেষ দল অবস্থান করছিল। এ সময় দিনা ওরফে দিদার পুলিশকে জানান, সদর উপজেলার বরাই এলাকার রামপ্রসাদ ঘোষের বাড়িতে দুইটি পাইপগান রয়েছে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে ডিবির সদস্যরা দিদারকে সঙ্গে নিয়ে রামপ্রসাদ ঘোষের বাড়িতে যান। সেখানে তল্লাশি চালিয়ে প্রথমে কোনো অস্ত্র পাওয়া যায়নি। পরে বাড়ির উত্তর পাশে টয়লেটের পেছনে সেপটিক ট্যাংকের পাশে মাটিতে পুঁতে রাখা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি পাইপগান পাওয়া যায়।
অস্ত্র উদ্ধারের পর দিদারের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করে ডিবি। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দিদার স্বীকার করেন, পূর্বশত্রুতার জেরে রামপ্রসাদ ঘোষকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি ও স্বাধীন পূর্বপরিকল্পিতভাবে সেখানে পাইপগান দুটি পুঁতে রেখেছিলেন।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে ঘটনাস্থল থেকেই দিদারকে আটক করা হয়। তার দেখানো স্থান থেকে উদ্ধার দুইটি পাইপগান জব্দ করা হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দিদারের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক স্বাধীনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অবৈধ অস্ত্র রাখা এবং পূর্বপরিকল্পিতভাবে মিথ্যা তথ্য দিয়ে অন্য ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে দিদার ও স্বাধীনের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।
পলাতক স্বাধীনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ঘটনার বিষয়ে ডিবির গোপনীয় তদন্তও চলছে বলে জানিয়েছে পুলিশ।
যে আই