দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তে পানি ও কাদা জমে যায়। বোঝার উপায় থাকে না কোথায় গর্ত, কোথায় সড়ক। এমন বেহাল সড়কে চলতে গিয়ে বরিশালের উজিরপুরে খাদে আটকে পড়েছে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স। স্থানীয় লোকজন দীর্ঘ সময় চেষ্টা করেও সেটি তুলতে পারেননি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উজিরপুর উপজেলার সানুহার-ধামুরা-সাতলা সড়কের ঈদগাহ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সড়কটির দুরবস্থা নিয়ে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে কাদায় পরিণত হয়। ফলে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়ে। অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে।
শুধু যানবাহন নয়, বেহাল সড়কের কারণে পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষার সময় গর্তগুলো পানিতে ডুবে থাকায় কোথায় কতটা গভীর গর্ত, তা বোঝার উপায় থাকে না। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সানুহার-ধামুরা-সাতলা সড়কটি এ অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন এ সড়ক দিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীসহ হাজারো মানুষ চলাচল করেন। সড়কের বেহাল অবস্থায় তাঁদের নিয়মিত দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোগীদের হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং পণ্য পরিবহনেও তৈরি হয়েছে বাড়তি ভোগান্তি।
ঈদগাহ বাজারের ব্যবসায়ীরা বলছেন, সড়কের কারণে তাঁদের ব্যবসাতেও প্রভাব পড়ছে। পণ্য পরিবহনে সময় ও খরচ বেড়েছে। ঝুঁকিপূর্ণ সড়কের কারণে অনেক চালক এ পথ এড়িয়ে চলেন। এতে বাজারের স্বাভাবিক বেচাকেনাও ব্যাহত হচ্ছে।
সড়ক সংস্কারের দাবিতে গত ৯ আগস্ট ঈদগাহ বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। বিকেল চারটার দিকে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ রেখে তাঁরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় সড়ক সংস্কার করতে হবে ও ‘দুর্ভোগের অবসান চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
কর্মসূচিতে স্থানীয় মশিউর রহমান, ইয়াছিন ফরাজী, হিমেল ও সামিয়া তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শত শত বাসিন্দা অংশ নেন। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তাঁরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি সংস্কারের দাবি দীর্ঘদিনের। বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর সংস্কার হয়নি। ফলে এখন শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কের কাজ শুরুর দাবি তাঁদের।
এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, সড়কটি সংস্কারের জন্য আগে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং টেন্ডারও হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহী না হওয়ায় তখন সংস্কারকাজ করা সম্ভব হয়নি। বর্তমানে সড়কটি সংস্কারের জন্য আবার টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু হবে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, আগামী সেপ্টেম্বর মাসেই সড়কটির সংস্কারকাজ শুরু করার প্রক্রিয়া চলছে।
কেএম