দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নদী, বদ্বীপ ও উপকূল-ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে রয়েছে বেশ কিছু মিল। সেই মিলের জায়গা থেকেই বাংলাদেশের উপকূলীয় মানুষের জীবনযাত্রা ও সুপেয় পানির সংকট এবং তা নিরসনের উদ্যোগ দেখতে বরিশালে এসেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল। বরিশালের বাকেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে তিনি ঘুরে দেখেছেন গ্রামীণ মানুষের জন্য সুপেয় পানি সরবরাহের উদ্যোগ। একই সঙ্গে বরিশালের প্রকৃতি, মানুষের আতিথেয়তা ও ঐতিহ্যে মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।
বাকেরগঞ্জে সফরের সময় রাষ্ট্রদূত স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং প্রত্যন্ত এলাকায় সুপেয় পানি সরবরাহের বাস্তব চিত্র দেখেন। ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ ও ম্যাক্স ট্যাপ ওয়াটারের সহায়তায় অফ-গ্রিড ব্যবস্থায় কীভাবে দুর্গম এলাকায় পানি পৌঁছে দেওয়া হচ্ছে, তা সরেজমিনে পরিদর্শন করেন ডাচ প্রতিনিধি দলের সদস্যরা।
রাষ্ট্রদূত ইয়োরিস ভ্যান বোমেল বলেন, উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির নিশ্চয়তা একটি বড় চ্যালেঞ্জ। ঘরে ঘরে ট্যাপের মাধ্যমে পানি পৌঁছানো গেলে বিশেষ করে নারী ও শিশুদের পানি সংগ্রহের কষ্ট এবং নিরাপত্তাঝুঁকি কমবে। এ ধরনের উদ্যোগে স্থানীয় মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ইয়োকা ল্য পুলে বলেন, প্রায় দুই দশক আগে তাঁদের মানবিক কার্যক্রমের যাত্রা শুরু হয়েছিল। উপকূলীয় মানুষের জীবনযাত্রার সঙ্গে কাজ করতে গিয়ে সুপেয় পানির সংকটকে তাঁরা গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে দেখেছেন।
বরিশাল সফরের অভিজ্ঞতা জানতে চাইলে বৃষ্টিভেজা আবহাওয়ার মধ্যেও হাসিমুখে নিজের মুগ্ধতার কথা জানান ডাচ রাষ্ট্রদূত। তিনি বরিশালের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষের আতিথেয়তার প্রশংসা করেন। একই সঙ্গে ডাচ সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় উপকূলীয় মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তনের আশা প্রকাশ করেন।
সফরের অংশ হিসেবে রাষ্ট্রদূত বরিশালের ঐতিহ্যবাহী ভাসমান বাজারও ঘুরে দেখার কথা জানান তিনি। স্থানীয় জীবনযাত্রার এই ব্যতিক্রমী চিত্র তাঁকে আকৃষ্ট করে। বরিশালের মাছের স্বাদ ও বৈচিত্র্যেরও প্রশংসা করেন তিনি।
সফরসঙ্গী হিসেবে ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর এটিএম তারিকুল ইসলাম এবং ম্যাক্স ফাউন্ডেশন সোশ্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক।
কেএম