দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের দপদপিয়া সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত রিফাতের পরিবারকে ক্ষতিপূরণ এবং গুরুতর আহত তাঁর চাচাতো ভাই শিফাতের চিকিৎসার ব্যয় বহনের দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
গত ৯ আগস্ট দপদপিয়া সেতুর ওপর বিআরটিসি বাস ও একটি থ্রি-হুইলারের সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজন নিহত হন। এ ঘটনায় রিফাতের চাচাতো ভাই শিফাত গুরুতর আহত হন। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন শিফাতের উন্নত চিকিৎসায় বিপুল অর্থের প্রয়োজন হলেও সেই ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
দুর্ঘটনার পর নিহত রিফাতের পরিবারকে ক্ষতিপূরণ, আহত শিফাতের চিকিৎসার দায়িত্ব নেওয়া, বেপরোয়া যান চলাচল বন্ধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসী আন্দোলনে নামেন। বৃহস্পতিবার দুপুরে তাঁরা বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন। পরে মহাসড়ক অবরোধ করে তাঁদের দাবির পক্ষে স্লোগান দেন।
আন্দোলনকারীরা বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবার আপনজন হারিয়েছে, আরেকটি পরিবার এখন গুরুতর আহত স্বজনের চিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছে। দুর্ঘটনার পর শুধু আশ্বাস নয়, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত শিফাতের উন্নত চিকিৎসার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ চান তাঁরা।
অবরোধের কারণে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, প্রায় এক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হওয়ায় মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় যানবাহনের সারি তৈরি হয়।
খবর পেয়ে বাকেরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার ঘটনাস্থলে যান। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে অবরোধ তুলে নেন।
কেএম