দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মী ও সাবেক ছাত্রদল নেতাকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রহমান লিটনের ব্যক্তিগত কার্যালয় টিএমসি থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
ইউএনও আরাফাত সিদ্দিকী বলেন, ‘আমরা আমাদের মাননীয় সংসদ সদস্যের পরিচালনায় বসেছি। আমাদের মধ্যে এখন এ ধরনের কোনো বিষয় নেই। আমি অবশ্যই দুঃখ প্রকাশ করি। আমাদের একটি আইনসংগত কার্যক্রম চলমান অবস্থায় হঠাৎ করে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। এটা আমি দুঃখ প্রকাশ করি, এমনকি এটা আমি অনুভবও করি।’
এর আগে বুধবার (১২ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় বালু বিক্রির পয়েন্টে ওই ঘটনা ঘটে। অভিযানের সময় ইজারাদারের কর্মী সারোয়ার জাহান ওরফে বাচ্চু অভিযানে আসা কর্মকর্তাদের পরিচয় জানতে চাইলে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউএনওর নেতৃত্বে আনসার ও র্যাবের সদস্যরা বালু বিক্রির পয়েন্টে যান। সেখানে ইউএনও কাগজপত্র দেখতে চান। এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজের ব্যবস্থাপক সারোয়ার জাহান অভিযানে আসা ব্যক্তিদের পরিচয় জানতে চান। একপর্যায়ে ইউএনও তাকে পরপর দুটি থাপ্পড় দেন।
পরে র্যাবের এক সদস্য সারোয়ারকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন ইউএনও ওই সদস্যের কাছ থেকে একটি লাঠি নিয়ে সারোয়ারকে কয়েকবার আঘাত করেন বলে সিসিটিভি ফুটেজে দেখা যায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান ইউএনওকে থামানোর চেষ্টা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারোয়ারকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেন।
ইজারাদারপক্ষের দাবি, সারোয়ারকে পরে র্যাবের গাড়িতে করে ত্রিশালের ধলা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ছেড়ে দেওয়া হলে স্বজন ও ইজারাদারপক্ষের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এমএম/