দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে উপজেলা পরিষদ এলাকায় বিক্ষোভ, ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কর্মকর্তাদের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর কক্ষে ঢুকে তাঁকে ‘নিয়োগ স্থগিত কর, নইলে তুই শেষ’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বৃন্দাবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেদোয়ান তালুকদারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই হুমকির দৃশ্য দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাতে বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় নিজেদের নাম না থাকায় একদল পদবঞ্চিত ব্যক্তি ক্ষুব্ধ হন। পরে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলে ফলাফল বাতিল করে নতুন করে যাচাই-বাছাইয়ের দাবি জানান।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে কয়েকজন উপজেলা পরিষদ এলাকায় জড়ো হয়ে মিছিল করেন। একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ ওঠে। পরে বিক্ষোভকারীদের একটি অংশ উপজেলা সমাজসেবা কর্মকর্তার কক্ষে গিয়ে হামলা চালায় বলেও অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্মকর্তারা কক্ষে তালা দিয়ে নিরাপদ স্থানে সরে যান বলে জানা গেছে। ঘটনার সময় সমাজসেবা কর্মকর্তা কার্যালয়ে ছিলেন না।
পরে বিক্ষোভকারীরা ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে তাঁর কার্যালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে কয়েকজন ইউএনওর কক্ষে ঢুকে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিক্ষুব্ধরা কক্ষে ঢোকার পর পরিস্থিতি দেখে ইউএনও চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যান। উপস্থিত কয়েকজন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের ‘ফ্যামিলি কার্ডের ফলাফল বাতিল করতে হবে’ এবং ‘বঞ্চিতদের নিয়োগ দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। একই ভিডিওতে ইউএনওকে উদ্দেশ্য করে আপত্তিকর ও হুমকিমূলক স্লোগানও শোনা যায়।
বিক্ষোভকারীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও অনেককে নিয়োগের তালিকায় রাখা হয়নি। কীভাবে ও কোন প্রক্রিয়ায় লোক নির্বাচন করা হয়েছে, তা তাদের কাছে পরিষ্কার নয়। তাদের দাবি, নামমাত্র পরীক্ষা নিয়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে। তাই প্রকাশিত ফলাফল বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুনরায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে নতুন তালিকা প্রকাশ করতে হবে।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল)-এর নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগের ফলাফল স্থগিত করা হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, ইউএনও মৌখিকভাবে ফলাফল স্থগিতের বিষয়টি জানিয়েছেন। তবে ফলাফল স্থগিত বা বাতিলের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো লিখিত বা আনুষ্ঠানিক আদেশ পাওয়া যায়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাব হোসাইন বলেন, ‘ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সংক্রান্ত নিয়োগের জের ধরে একদল যুবক ইউএনও অফিসে ঢুকে ভাঙচুর করেছে। নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আশা করি।’
কে হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘উক্ত নিয়োগে পদবঞ্চিত সরকারদলীয় একদল যুবক এমন ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছি।’
এ বিষয়ে ইউএনও মাহমুদা বেগম সাথীর বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এমএম/