দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ আবাসিক হলে র্যাগিংয়ের শিকার হয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এ ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১২ আগস্ট) রাতে হলের কমনরুমে পরিচয়পর্বের নামে নবীন শিক্ষার্থীদের র্যাগিং করা হয় বলে অভিযোগ করেছে নবীন শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীদের অভিযোগ, এসময় মোহাম্মদ হাবিব নামের ভুক্তভোগী শিক্ষার্থী অসুস্থতার কথা জানালেও তিনি রক্ষা পায়নি বরং অসুস্থতার অভিনয় করার অভিযোগে তাকে ফের র্যাগিং করা হয়। একপর্যায়ে হাবিব গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী একাধিক শিক্ষার্থী জানায়, সিনিয়র শিক্ষার্থীরা নবীনদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ধমকানো, বাবা-মাকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ, মুখে সিগারেটের ধোঁয়া ছোড়া, কান ধরে উঠবস করানো এবং উল্টোভাবে গণনা করানো হয়। গণনায় ভুল হলে আবারও উঠবস করানো হয়। ভুক্তভোগী হাবিব পরিচয় দেওয়ার সময় নার্ভাস হয়ে পড়েন এবং শারীরিক অসুস্থতার কথা জানান। তবে তাতে কাজ হয়না বরং ফের র্যাগিংয়ের শিকার হন তিনি। রাত ১১টার দিকে তার হাত-পা ঠান্ডা হয়ে যায় এবং পায়ের সকল শক্তি হারিয়ে ফেলেছেন বলে জানান। পরে দু'জন শিক্ষার্থী তাকে গণরুমে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।
বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদুর রহমান বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রশাসন কার্যক্রম শুরু করেছে। র্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের তথ্য প্রচার করা হচ্ছে না বলেও জানান তিনি।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, বিষয়টি অবগত হয়েছি। আমি র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা আছে। প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান জানান, র্যাগিং একটি অপসংস্কৃতি। র্যাগিং প্রসঙ্গে প্রশাসনের জিরো টলারেন্স নীতি রয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
কেএম