দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর দুমকীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নিয়ে ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত অপসারণের দাবি জানান। বক্তারা মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা, ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নে অনিয়ম ও পক্ষপাতিত্ব এবং দায়িত্বে অবহেলার অভিযোগ তোলেন।
তাদের অভিযোগ, এলাকায় মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেই। ফ্যামিলি কার্ডের তালিকা তৈরিতে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তারা। এসব কারণে ইউএনওর প্রতি সাধারণ মানুষের আস্থা কমে গেছে বলেও অভিযোগ করেন মানববন্ধনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন মোছা. স্বর্ণা আক্তার, মো. আমিনুল ইসলাম, মো. মাহাবুব খলিফা, আ. রহমান ও মো. নাজেম সরদারসহ অন্যরা। তারা দ্রুত ইউএনওকে অপসারণ করে নিরপেক্ষ ও জনবান্ধব প্রশাসন নিশ্চিতের দাবি জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মেধার ভিত্তিতেই ফ্যামিলি কার্ডের তালিকা করা হয়েছে। কোনো অনৈতিক সুবিধা বা সুপারিশ রক্ষা করা হয়নি। এসব কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছে বলে দাবি করেন তিনি।
ইউএনও আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন এবং নিয়মিত সভা নিয়ে ব্যস্ত থাকতে হয়। এ কারণে অনেক সময় সেবাপ্রার্থীদের সঙ্গে দেখা করা সম্ভব হয় না।
মানববন্ধনকারীরা ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণের দাবি জানিয়ে আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এমএস/