দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের রাজনগরে ধামাইপার ব্রিজের রেলিং ভেঙে ধামাই ছড়ায় পড়ে তেলবাহী একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) ভোরে উপজেলার ধামাইপার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তেল নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল ট্রাকটি। ভোরে ধামাইপার ব্রিজে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচে ধামাই ছড়ায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আলী হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশনের সদস্যরাও অভিযানে যোগ দেন।
ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় রেকার ভ্যান ও প্রয়োজনীয় সরঞ্জামের সহায়তায় যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হয়। পরে ট্রাক থেকে চালকের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাকারিয়া বলেন, ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় উদ্ধারকাজে রেকার ভ্যানের প্রয়োজন হয়। ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চালকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ট্রাকে চালক ও হেলপার দুজন ছিলেন।
ধামাইপার এলাকার বাসিন্দা রুমন বলেন, ভোরে বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি ব্রিজের রেলিং ভাঙা এবং নিচে ট্রাকটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকে চালক ও হেলপার ছিলেন। চালক নিহত হয়েছেন এবং হেলপারকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএস/