দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি হাসপাতালে রয়েছে এক্স-রে, সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি। কিন্তু ২৪ ঘণ্টা সেবা না থাকায় প্রয়োজনের সময় এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এতে জরুরি রোগীদের ছুটতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে, গুনতে হচ্ছে বাড়তি টাকা।
এসব ভোগাস্তি থেকে অবসান পেতে সরকারি হাসপাতালেই দিনরাত ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবা চালুর দাবিতে বরিশালে একক অবস্থান কর্মসূচি পালন করেছেন সজল কুমার পাল। সোমবার বেলা ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তিনি। পরে তাঁর সঙ্গে একাত্মতা প্রকাশ করে আরও কয়েকজন সেখানে অবস্থান নেন।
সজল কুমার পাল বলেন, সরকারি হাসপাতালে ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবা চালু করা হলে দরিদ্র ও সাধারণ মানুষ কম খরচে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন। এতে চিকিৎসাব্যয় কমার পাশাপাশি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ওপর রোগীদের নির্ভরতা কমবে।
তাঁর দাবি, অধিকাংশ সরকারি হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও জনবলের সীমাবদ্ধতার কারণে সেগুলোর পূর্ণ ব্যবহার হচ্ছে না। শিফটভিত্তিক জনবল নিয়োগ করে নতুন করে বড় বিনিয়োগ ছাড়াই ২৪ ঘণ্টা সেবা চালু করা সম্ভব।
তিনি আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষার ফি ডিজিটাল পদ্ধতিতে সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করা হলে রাজস্ব আয় বাড়বে এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিত হবে। একই সঙ্গে দালালচক্রের দৌরাত্ম্য কমানো সম্ভব হবে।
দ্রুত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে রোগ নির্ণয়ে বিলম্ব কমবে এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের ঝুঁকিও কমানো যাবে বলে দাবি করেন সজল কুমার পাল।
অবস্থান কর্মসূচি থেকে সরকারি হাসপাতালগুলোতে দ্রুত ২৪ ঘণ্টা ডায়াগনস্টিক সেবা চালুর দাবি জানানো হয়।
কেএম