দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান তিনটির মধ্যে দুটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মহিলা মাদরাসা।
শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলো হলো সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় এবং বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদরাসা।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ইসলামপুরের কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক থাকলেও এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় মাত্র তিনজন শিক্ষার্থী। তাদের কেউই পাস করতে পারেনি। বিদ্যালয়টি এবারই প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
সরিষাবাড়ীর চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়ও এমপিওভুক্ত। চারজন শিক্ষক থাকা এই বিদ্যালয় থেকে এবার ১১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
অন্যদিকে, বকশীগঞ্জের শেফালী মফিজ মহিলা মাদরাসা থেকে ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছে।
ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন অর রশীদ বলেন, কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের কেউই পাস করতে পারেনি। বিদ্যালয়টিতে ১১ জন শিক্ষক রয়েছেন।
সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর বলেন, চাপারকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। দুঃখজনকভাবে একজনও পাস করতে পারেনি।
জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামছুল আলম বলেন, শতভাগ অকৃতকার্য তিনটি প্রতিষ্ঠানই এমপিওভুক্ত এবং এসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যাও কম। সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার পরও কেন এমন ফলাফল হয়েছে, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলোর কাছে জবাবদিহি চাওয়া হবে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর জামালপুরের ৮৫টি কেন্দ্রে মোট ৩৯ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৩০ হাজার ৭৮ জন, দাখিল ৫ হাজার ৩২১ জন এবং ভোকেশনালে ৪ হাজার ২৭৩ জন। জেলায় এ বছর পাসের হার ৫৫ দশমিক ৬০ শতাংশ।
যে আই